নিজস্ব প্রতিবেদক ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ভুক্ত করা হয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে ২০২৬ তারিখে ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান নিজে বাদী হয়ে থানায় এই জিডি আবেদনটি দায়ের করেন, যার জিডি নম্বর ৬৯৪ এবং ট্র্যাকিং নম্বর V1KQME।
জিডি সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান চুড়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। গত ০৮ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:০০ টায় তিনি নিজ বাড়িতে অবস্থানকালে লক্ষ্য করেন, "আমাদের গোবিন্দপুর" নামক একটি ফেসবুক পেজ থেকে অজ্ঞাতনামা ব্যক্তি তার নাম ও ছবি ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর কথাবার্তা লিখে পোস্ট করে। পরবর্তীতে, গত ০৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:০০ টায় "Nawabganj New S" নামক আরেকটি ফেসবুক পেজ থেকেও একইভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, একটি মহল সামাজিকভাবে তার সুনাম ক্ষুণ্ন করতে এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। অজ্ঞাতনামা এই চক্রটি যেকোনো সময় তার জানমালের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অপপ্রচারকারী ফেসবুক আইডি বা পেজ পরিচালনাকারীদের নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব না হওয়ায়, ভবিষ্যতের নিরাপত্তা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু হানিফ জানান, প্যানেল চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অপপ্রচারের সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করতে সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ আব্দুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এই ন্যাক্কারজনক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ। তারা অবিলম্বে এই সাইবার অপরাধী চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ