দোহারের রাইপাড়া, বালুঘাটা, পালামগঞ্জ ও কুসুমহাটির নয়ানগর-ইমাম নগর খাল পরিদর্শন করে কঠোর বার্তা দিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক, দোহার (ঢাকা)  |  শুক্রবার, ১৬ মে ২০২৫, দুপুর


ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, বালুঘাটা, পালামগঞ্জ ও কুসুমহাটির নয়ানগর এবং ইমাম নগর খালের খনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে বলেন, দখল হওয়া খাল উদ্ধারের বিষয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। খাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চিত করতে হবে।

"মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারভুক্ত এই প্রকল্প বাস্তবায়নে শতভাগ মনোযোগী হয়ে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কাজ সম্পন্ন করতে হবে।"

— খন্দকার আবু আশফাক, সংসদ সদস্য, ঢাকা-১

এমপি আশফাক জানান, খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে কাজ বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। জলাবদ্ধতামুক্ত দোহার গড়তে এবং কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে প্রতিটি খাল সঠিক গভীরতা ও প্রশস্ততায় খনন করার নির্দেশ দেওয়া হয়েছে।



পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশলী এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।